বরগুনায় বিয়ের দাবিতে সিলেটের তরুণীর অনশনে চাঞ্চল্য

বরগুনার তালতলী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন সিলেটের এক তরুণী। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনশনরত তরুণীর নাম মাজেদা খাতুন (১৯)। তিনি সিলেটের গোয়াইনঘাট থানার বাইমারপাড় গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত রমজান আলী এবং মা মোসা: সরিফুলনেছা (৫৫)।
মাজেদার অভিযোগ, প্রেমিক আতাউল্লাহ হাওলাদার (২৩) বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার নিজাম হাওলাদারের ছেলে।
মাজেদা জানান, কনস্ট্রাকশনের কাজে আতাউল্লাহ সিলেটে গিয়ে তাদের এলাকায় অবস্থান করতেন এবং তাদের বাড়িতে ভাড়া থাকতেন। এ সময় তাঁদের মধ্যে তিন–চার মাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে আতাউল্লাহ তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন বলেও অভিযোগ করেন তিনি।
তরুণী আরও জানান, গত ৩ ডিসেম্বরের পর থেকে আতাউল্লাহ হাওলাদার তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাইলে জানা যায়—আতাউল্লাহ বর্তমানে পলাতক এবং তার মোবাইল ফোনও বন্ধ। ছেলে ও মেয়ে দুজনই অবিবাহিত বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ছেলের বিষয়টি ছেলেই বুঝে নেবে—এখানে আমাদের কিছু করার নেই।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী কয়েকজন ব্যক্তি ছেলেপক্ষের হয়ে তদবির করছেন এবং টাকার বিনিময়ে মেয়েটিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
জানা যায়, একাই সিলেট থেকে তালতলীতে এসে শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আতাউল্লাহ হাওলাদারের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেন মাজেদা। খবর পেয়ে এলাকাবাসীর ভিড় জমে যায়। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান বলেন, এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/এসএইচ