সুন্দরগঞ্জে গণসংযোগে মাঠে নেমেছেন বিএনপি প্রার্থী ডা. জিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম জিয়া গণসংযোগে মাঠে নেমেছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। পরে সন্ধ্যায় ঢাকা থেকে এলাকায় ফিরে উপজেলার মাঠেরহাট, ধর্মপুর, সীচাবাজার, পাঁচপীরহাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে ডা. জিয়াউল ইসলাম জিয়া বলেন, বিএনপি এখন স্থানীয় পর্যায়ে অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুসংগঠিত। ষড়যন্ত্রহীন সুষ্ঠু নির্বাচন হলে এবং জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারলে এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধারে আমরা কাজ করছি। সুন্দরগঞ্জের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তন, সুবিধাবঞ্চিত অঞ্চলগুলোতে উন্নয়ন বৃদ্ধি এবং যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার।
এ সময় তার সঙ্গে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন সরকার মিলন, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আরাফাত উল ইসলাম, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান রাজুসহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জাআ