পলিথিনের বদলে পাটের ব্যাগ: পরিবেশ রক্ষায় এগিয়ে এলেন পাথরঘাটার ব্যবসায়ীরা

পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় পলিথিন ও প্লাস্টিক বর্জনের উদ্যোগ হিসেবে পাথরঘাটার ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে পাটের তৈরি ব্যাগ। ‘পলিথিন-প্লাস্টিক প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় পৌর শহরের ৩০ জন ব্যবসায়ীর মাঝে তিন হাজার পাটের ব্যাগ বিতরণ করা হয়।
বুধবার (২৩ জুলাই) পাথরঘাটা উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালার আয়োজন করে সুন্দরবন প্রকল্প। বাস্তবায়নে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান। তিনি বলেন, "প্লাস্টিক আমাদের পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ক্ষতির মাত্রা ব্যাখ্যা করতে সময় লাগবে, তবে ব্যবসায়ীদেরই উচিত বিকল্প উপকরণ ব্যবহারে পথ দেখানো।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপ রায় এবং আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী খলিলুর রহমান।
সাংবাদিক শফিকুল ইসলাম খোকন বলেন, "মানুষকে বোঝাতে হবে, শুধু পরিবেশ নয়—প্লাস্টিকের ক্ষতি তাদের নিজের জীবনেও পড়ছে। একমাত্র সম্মিলিত উদ্যোগই পারে এই ভয়াবহতা থেকে আমাদের মুক্তি দিতে।"
উল্লেখ্য, এ ধরনের উদ্যোগ পরিবেশবান্ধব জীবনযাপনে সাধারণ মানুষকে উৎসাহিত করবে বলেও মনে করছেন স্থানীয় সচেতন মহল।
ভোরের আকাশ/জাআ