শেরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

শেরপুর জেলার সদর উপজেলার বলাইয়ের চর ইউনিয়নের জঙ্গলদি আমতলী মোড় এলাকায় বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— সদর উপজেলার জঙ্গলদি আমতলী গ্রামের জনৈক মো. ওবায়দুল হকের স্ত্রী মোছাম্মৎ লাল বানু (২৫) এবং কুড়িগ্রাম জেলার গাজী মোস্তফার ছেলে রুবেল শেখ (২৮)। এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবির) উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে সদর উপজেলার জঙ্গলদী আমতলী গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়।
এসময় মোছাম্মৎ লাল বানুর বসতঘর থেকে ৭০ পিস এবং রুবেল শেখের বসতঘর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ধৃত মাদক কারবারীদের আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।
ভোরের আকাশ/ র.ই