নারায়নগঞ্জে উদ্ধার হওয়া মিঠা পানির কুমির এখন সাফারি পার্কে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পুকুর থেকে উদ্ধার হওয়া কুমিরটি গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষ কুমিরটিকে গ্রহণ করে পার্কের কুমির বেস্টনীতে রাখা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে নারায়নগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জিপাড়া এলাকার একটি পুকুরে জাল ফেলে কুমিরটিকে ধরেন উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মীরা। পরে এটিকে গাজীপুরের শ্রীপুরের গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়।
বন বিভাগ সূত্র জানায়, মাস দুয়েক আগে নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলার তিনগাঁও এলাকার পুকুরে একটি কুমির দেখা গিয়েছিল। পরে পুকুরে আর কুমিরটিকে দেখতে পাওয়া যাচ্ছিল না। ওই পুকুরের প্রায় ২০০মিটার দূরে গত মঙ্গলবার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জিপাড়া এলাকার পুকুরে আবারও একটি কুমিরটিকে দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে খবর দেয়া হয়। পরে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে কুমির দেখতে পাওয়া পুকুরে জাল ফেলে কুমিরটিকে ধরা হয়।
নারায়ানগঞ্জের বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, গত ১৯ই সেপ্টেম্বর বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকায় একটি পুকুরে কুমির দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ওই সময় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছিল কিন্তু কুমিরটি পাশের আরেকটি পুকুরে চলে যাওয়ায় কুমিরটি শনাক্ত করতে না পারায় অভিযান সফল হয়নি। গতকাল বেলা ১১টা থেকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে কুমির উদ্ধারের অভিযান শুরু হয়। প্রথম দফায় জাল ছিঁড়ে কুমিরটি বেরিয়ে যায়। দ্বিতীয় দফায় চেষ্টা করেও সেটিকে আটক করা সম্ভব হয়নি। পরে বিকেলে তৃতীয় দফায় জাল টানার পর কুমিরটি ধরা পড়ে। উদ্ধার হওয়া কুমিরটি তিনগাঁও এলাকায় আগে দেখা যাওয়া সেই কুমির বলে জানান তিনি।
ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, কুমিরটি লম্বায় ৮ফুট। এই কুমির দেশের সংরক্ষিত অঞ্চলে খুব অল্প পরিমাণে আছে। নদী থেকে বেশ দূরত্বে পুকুরটির অবস্থান। ওই পুকুরে কুমিরটি কিভাবে এলো তা স্পষ্ট নয়। এবিষয়ে তদন্ত করা হবে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, মিঠা পানির কুমিরটিকে রাত সাড়ে ১০টার দিকে পার্কে আনা হয়েছে। পার্কে আনা কুমিরকে রাতেই কুমির বেষ্টনীর নেয়া হয়েছে। ওই বেষ্টনীতে আগে একটি মাদী কুমির ছিল, নতুন আনা কুমিরটি পুরুষ। পূর্বের মাদী কুমিরটি পুরুষ সঙ্গী পাওয়ায় এখান থেকে প্রজনণের সম্ভাবনা দেখা দিয়েছে।
ভোরের আকাশ/ এনউব