তীব্র দাবদাহে পুড়ছে চাঁপাইনবাবগঞ্জ, জনজীবন বিপর্যস্ত

চাঁপাইনবাবগঞ্জে গত তিন দিন ধরে চলা তীব্র তাপপ্রবাহে জনজীবন এক প্রকার স্থবির হয়ে পড়েছে।
জেলায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে। তবে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। প্রখর রোদে প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের না হওয়ায় রাস্তাঘাট অনেকটা জনশূন্য হয়ে পড়েছে।
তবে চরম বিপাকে পড়েছেন দিনমজুরেরা; জীবিকার তাগিদে তপ্ত রোদে কাজ করতে গিয়ে তারা বারবার গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন।
বিদ্যুতের লাগামহীন লোডশেডিংয়ের কারণে ঘরে থাকা দুষ্কর হয়ে পড়ায় মানুষ বাইরে আশ্রয় নিচ্ছেন। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা, যাদের পড়াশোনায় ব্যাপক ব্যাঘাত ঘটছে।
কৃষি খাতেও দেখা দিয়েছে দুশ্চিন্তা। মাঠে থাকা বোরো ধান রক্ষায় ডিজেল সংকটের কারণে কৃষকরা পর্যাপ্ত সেচ দিতে পারছেন না।
চাষিরা বলছেন, "তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হলে ধানের ব্যাপক ক্ষতি হতে পারে।" অন্যদিকে, আমের গুটিও ঝুঁকির মুখে।
কৃষি কর্মকর্তাদের মতে, "আগামী দুই-তিন দিন এই অবস্থা চললে আম গাছে নিয়মিত পানি স্প্রে করা জরুরি হয়ে পড়বে।"
সব মিলিয়ে গরমে হাঁসফাঁস করছে সীমান্তবর্তী জেলাটির মানুষ ও প্রকৃতি।
ভোরের আকাশ/ র.ই