নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

সারাদেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সদস্য শংকরী রানীর সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শুভ্রতা রায়।
এ সময় বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, বাংলাদেশ মহিলা পরিষদের স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মালা দেব, সাংস্কৃতিক সম্পাদক জুলিয়া জুলকারনাইন, শিক্ষার্থী দিথী আক্তারসহ অনেকে।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে শিশুদের প্রতি নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় দৈনিক প্রথম আলোর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জাহানুর রহমান খোকন, দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রোকনুজ্জামান মানু, দৈনিক ভোরের আকাশের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি নুরনবী মিয়াসহ মহিলা পরিষদের নেতাকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/রই