কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু কুমিল্লা গণপূর্ত অধিদপ্তরের তিনতলা ভবনে অবস্থিত কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি কুমিল্লা শহরের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় কুমিল্লা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ওসমান গণীর সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান। আলোচনায় শহরের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, নগর ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং নতুন প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ, ভিপি ওয়াসিম, কুমিল্লা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হীরা এবং বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
এ সময় বক্তারা কুমিল্লাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু কুমিল্লার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
ভোরের আকাশ/ এনউব