টুঙ্গিপাড়ায় বিজিবি মোতায়েন
থানায় হামলা, পুলিশের গাড়ি ও এমপির বাড়িতে অগ্নিসংযোগ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের বেশ কয়েকটি গাড়ি, মোটরসাইকেল এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি ও আশপাশের অন্তত ২০-টি বাড়িতে আগুন দেয়।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় টুঙ্গিপাড়া এলাকায় এই ব্যাপক সহিংসতার চিত্র দেখা যায়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭নভেম্বর) রাতে নাশকতার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর গ্রেফতারে বাধা দেওয়া এবং আসামিদের ছাড়িয়ে আনার দাবিতে টুঙ্গিপাড়ায় মাইকিং করে আওয়ামী লীগের সমর্থক ও বিক্ষুব্ধ জনতা। একপর্যায়ে তারা দলবদ্ধ হয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা চালায় এবং থানা ভবনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় গুলিতে দুজনসহ বেশ কয়েকজন আহত হন।
বিজিবি ও পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ
এদিকে টুঙ্গিপাড়ার নিলফা বাজারে হামলাকারীরা রাস্তা অবরুদ্ধ করলে সেখানে দ্রুত বিজিবি টিম পৌঁছায়। এ সময় বিজিবি ও আওয়ামী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে।
একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুলিশের একাধিক গাড়ি ও অন্তত ৪টি বিজিবি ও পুলিশের গাড়ি এবং সাজোয়া যানে (আর্মড ভেহিকেল) আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
বুধবার টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন পয়েন্ট ঘুরে পুলিশ, বিজিবি কিংবা আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তবে রাস্তাঘাট গাছের গুড়ি ও বিদ্যুৎ পিলার ফেলে রাস্তা বেরিগেটেড দৃশ্য দেখা যায়। যান চলাচল ব্যাহত হচ্ছে।
তবে অন্যদিকে গোপালগঞ্জ জেলা শহরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিছুটা কম থাকলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরের দোকানপাট খোলা রয়েছে এবং রাস্তাঘাটে স্বাভাবিক যান চলাচল লক্ষ করা গেছে।
অন্যদিকে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি'র পাশাপাশি ৮ প্লাটুন আনসার মোতায়ন করা হয়েছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ের নির্ধারিত সকল পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। একইভাবে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকাল থেকে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও পরীক্ষা বাতিল করে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে গোপালগঞ্জে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে।
ভোরের আকাশ/সু.পা