সাভার পৌরসভায় দুই কর্মকর্তার হাতাহাতি

সাভার পৌরসভা কার্যালয়ে সহকারী কর আদায়কারী নজরুল ইসলাম ও অফিসার নাজমুল হোসেনের মধ্যে প্রকাশ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। হঠাৎ উত্তপ্ত বাকবিতণ্ডা থেকে শুরু হওয়া এই ঘটনাকে ঘিরে পৌরসভা অফিসে একপর্যায়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
বুধবার (২০ আগস্ট) দুপুরে সাভার পৌরসভা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই দুই কর্মকর্তা তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে একে অপরের ওপর শারীরিক হামলায় লিপ্ত হন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সহকর্মীদের হস্তক্ষেপে মারামারি থামে।
পরে আহত দুই কর্মকর্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে কী কারণে এ সংঘর্ষ ঘটেছে—তা কেউ নিশ্চিতভাবে জানাতে পারেননি।
এ ঘটনায় পৌরসভা কার্যালয়ের কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষ হতবাক হয়ে পড়েন। অনেকে এ ধরনের ঘটনা প্রশাসনিক শৃঙ্খলার জন্য “লজ্জাজনক” বলেও মন্তব্য করেন।
এ বিষয়ে সাভার পৌরসভার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে রাজি হননি। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কাজের ক্ষেত্রে সমন্বয়হীনতা থেকেই এ ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন অনেকেই।
পৌরসভার প্রসাশকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু-বকর সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে সাড়া পাওয়া যায়নি।
ভোরের আকাশ/জাআ