শিক্ষার্থীদের দাবা প্রশিক্ষণ ও মেধা বিকাশে বাড়ছে গুরুত্ব

শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ, যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও বিশ্লেষণী দক্ষতা বাড়াতে দাবা চর্চা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় দাবা ক্লাবের কার্যক্রম গতিশীল করা, নিয়মিত প্রশিক্ষণ আয়োজন এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার উপযোগী দাবা দল গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় দাবা ক্লাবের আহ্বায়ক ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম। বৈঠকে বিশ্ববিদ্যালয়ে দাবা চর্চার পরিসর বৃদ্ধি এবং শিক্ষার্থীদের এ খেলায় সম্পৃক্ত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আলোচনায় শিক্ষার্থীদের জন্য নিয়মিত দাবা প্রশিক্ষণের ব্যবস্থা, প্রতিযোগিতামূলক খেলার উপযোগী পরিবেশ সৃষ্টি এবং ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে চেস ডিসপ্লে বোর্ড, চেস ক্লক ও প্রয়োজনীয় দাবা বোর্ড সংগ্রহের বিষয়টিও উপাচার্যকে অবহিত করা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, দাবা কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং এটি শিক্ষার্থীদের মনোযোগ, ধৈর্য, কৌশল নির্ধারণ এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে সহায়ক। তাই বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত দাবা প্রতিযোগিতা আয়োজন এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির শিক্ষার্থীদের সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ড সম্প্রসারণ ও একাডেমিক উৎকর্ষ বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। পরিকল্পিত উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ে দাবা চর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য দক্ষ খেলোয়াড় তৈরির সুযোগ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
আলোচনায় ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক মু. মেহেদী রহমান, ডিইএলএল চেস ক্লাবের পরিচালক আফিফ আহমেদ চৌধুরী ও সুমেত চাকমা এবং ক্লাবের সদস্য মোহাইমিনুল মাহী ও শামসাদ ফাতেমা নিশাত উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব