নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো

নোয়াখালীর চাটখিলের আলোচিত ৫ বছর বয়সী শিশু আসমা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয়বারের মতো পেছানো হয়েছে। রায় ঘোষণার জন্য নতুন করে আগামী ৬ জুলাই তারিখ নির্ধারণ করেছেন আদালত। বুধবার (১ জুলাই) জেলার বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এই আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা।
মামলার বিবরণ থেকে জানা যায়, নিহত আসমা উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মাওলানা মো. শাহজাহানের মেয়ে। মামলার একমাত্র আসামি শাহাদাত (২৬) একই গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং সম্পর্কে নিহতের জেঠাতো ভাই।
ঘটনার সূত্রপাত ২০২২ সালের ২৪ মার্চ। ওইদিন দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু আসমা। ঘটনার নয় দিন পর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। তদন্তকালে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাহাদাত জানায়, ধর্ষণের পর ঘটনা জানাজানি হওয়ার ভয়ে সে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহ সেপটিক ট্যাংকিতে লুকিয়ে রাখে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো নোয়াখালী জেলায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। খুনিকে দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা শুরু থেকেই আসামির ফাঁসির দাবি জানিয়ে আসছেন।
ভোরের আকাশ/ইউএম