কক্সবাজার -১
চূড়ান্ত বিজয়ের অপেক্ষায় বিএনপির সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। দিনভর ভোটগ্রহণ শেষে এখন চলছে কেন্দ্রভিত্তিক গণনা। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিশাল ভোটের ব্যবধানে জয়ের পথে রয়েছেন বলে দলীয় সূত্র দাবি করেছে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা বাকি৷
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার কিছু পর নিজ কেন্দ্রে ভোট দেন সালাহউদ্দিন আহমদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ এবং কনিষ্ঠ পুত্র সাঈদ ইব্রাহিম। তিনি সাধারণ ভোটারদের সঙ্গে একই সারিতে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্র প্রাঙ্গণে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রতিকূলতার মধ্য দিয়েও দেশে ধীরে ধীরে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের প্রতি আস্থার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, ভোটের মাধ্যমেই জনগণ তাদের প্রত্যাশা ও মতামত স্পষ্টভাবে তুলে ধরবে।
তবে নির্বাচন ঘিরে অনিয়মের আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। অভিযোগ করে বলেন, একটি মহল বিভিন্ন স্থানে ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করছে। গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি ঘটনার উল্লেখ করে তিনি দাবি করেন, জনগণই এসব অপচেষ্টা রুখে দেবে।
এদিকে দিনভর কেন্দ্র পরিদর্শন করে দলীয় নেতাকর্মীরা জানান, অধিকাংশ কেন্দ্রেই ধানের শীষ প্রতীকের প্রার্থী এগিয়ে আছেন। বিশেষ করে গ্রামাঞ্চলে ব্যবধান উল্লেখযোগ্য বলে তাঁদের দাবি। সব মিলিয়ে এখন কক্সবাজার–১ আসনে চলছে চূড়ান্ত ফল ঘোষণার প্রতীক্ষা।
আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরই নিশ্চিত হবে কে পাচ্ছেন এই আসনের জনসমর্থনের চূড়ান্ত রায়।
ভোরের আকাশ/ র.ই