চকরিয়ায় গৃহবধূকে ধর্ষণ, একজনের যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় গৃহবধূকে ধর্ষণের দায়ে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১১জানুয়ারী) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক মো. আবু হানিফ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. তওহীদুল আনোয়ার। সাজাপ্রাপ্ত আসামি জয়নাল আবেদীন (৪০) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের শাহরিয়ার পাড়ার বাসিন্দা। তিনি মৃত আবু তালেবের ছেলে। ভুক্তভোগী নারী একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার বাসিন্দা। রাষ্ট্রপক্ষ জানায়, ২০১৭ সালের ১৬ জুন রমজান মাসে সন্ধ্যায় তারাবির নামাজ আদায়ের জন্য ভুক্তভোগী নারীর পরিবারের পুরুষ সদস্যরা স্থানীয় মসজিদে যান। ওই সময় ঘরে একা থাকার সুযোগে জয়নাল আবেদীন ও তার এক সহযোগী ওই নারীর বসতঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে।
ঘটনার পর ভুক্তভোগী নারী চকরিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ তা নথিভুক্ত করেনি। পরে তিনি নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এজাহার দায়ের করেন। আদালতের নির্দেশে পুলিশ তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে। ২০১৮ সালের ৮ এপ্রিল আদালত অভিযোগ আমলে নেয় এবং ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর দুই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জয়নাল আবেদীনের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন। তবে অপর আসামি ছমি উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
ভোরের আকাশ/র.ই