চাঁপাইনবাবগঞ্জে তেল মজুত রেখে বিক্রি না করায় ফিলিং স্টেশনকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল মজুত রেখে গ্রাহকদের কাছে বিক্রি না করার অভিযোগে ‘মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার্স’ ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানকালে দেখা যায়, পাম্প কর্তৃপক্ষ ‘তেল নেই’ লিখে রাখলেও সেখানে বিপুল পরিমাণ জ্বালানি মজুত ছিল। পরিমাপে সেখানে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন পাওয়া যায়। সরকারি নির্দেশনা অমান্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি এই অর্থদন্ড প্রদান করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি বলেন: "সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেললে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভোরের আকাশ/এনউব