উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন করায় জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে কৃষিজমির মাটি স্কেভেটর দিয়ে কেটে পুকুর খনন ও মাটি বিক্রির দায়ে নুরুজ্জামান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জানজায়গীর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারায় নুরুজ্জামান (পিতা: মোজাম্মেল হক) নামে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তিনি জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দুর্গাপুর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মশিউর রহমান।
স্থানীয়দের মতে, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিক্রি করায় জমির উৎপাদনশীলতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে। কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করতে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি এবং অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তাঁরা।
ভোরের আকাশ/রই