রায়গঞ্জে খিদমাতুল উম্মাহর উদ্যোগে দুই শতাধিক কম্বল বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সুবিধাবঞ্চিত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন-এর সভাপতিত্বে এবং মহাসচিব মুহাম্মাদ মাহবুবুর রহমান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল কাদের তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আবু সামা সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল পেয়ে উপকারভোগী রহিমা বেগম (৬৫) বলেন, “শীতে খুব কষ্টে ছিলাম। আজ কম্বল পেয়ে অনেক উপকার হয়েছে। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।”
বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। আগামীতেও খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
ভোরের আকাশ/মো.আ.