জামালপুর
রামিসা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

রাজধানী ঢাকায় শিশু রামিসা হত্যাকাণ্ডসহ নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে শহরের দয়াময়ী মোড়ে জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও জেলা শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্ক যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচি চলাকালে কিছু সময়ের জন্য প্রতীকী সড়ক অবরোধও করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম। এ সময় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, সাবেক পৌর কাউন্সিলর সিদ্ধার্থ সংকর রায়, অ্যাডভোকেট শামীম আরা, নারী নেত্রী রায়হানা রহমান লতা, উন্নয়ন কর্মী মুর্শেদ ইকবাল, বিমল জেমস কস্তা এবং শিক্ষার্থী মারজানা শেখ মেহজাবিনসহ অনেকে।
বক্তারা বলেন, রাজধানীতে নৃশংসভাবে শিশু রামিসাকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শিশু নির্যাতন ও নারী সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে।
তারা আরও বলেন, জামালপুরে গত এক মাসে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের অন্তত ১৩টি ঘটনা ঘটেছে। অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় এ ধরনের অপরাধ ক্রমেই বাড়ছে। সরকারের উদাসীনতা এবং আইনের ফাঁকফোকরের সুযোগে অপরাধীরা নির্বিঘ্নে চলাফেরা করছে বলেও অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধনে বক্তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
কর্মসূচির একপর্যায়ে শিশু রামিসাসহ সকল নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতীকীভাবে ১০ মিনিটের জন্য শহরের দয়াময়ী মোড় অবরোধ করা হয়।
এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ র.ই