চকরিয়ায় সাবেক মেয়র আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে চকরিয়া পৌর সদরের সায়মা প্লাজা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর আলমগীর চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের রাউজানে হত্যা, চকরিয়ায় টমটম ও গাড়ি পোড়ানো এবং বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা হয়েছে। এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন বলে দাবি করেছেন তার ভাই বিটু।
বিটু বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন মামলায় তার ভাইকে আসামি করা হয়। এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।
এদিকে চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকার এক বাসিন্দার করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলাতেও আলমগীর চৌধুরী আসামি রয়েছেন। পরিবারের দাবি, ওই মামলার বাদী আদালতে আপসনামা দিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, আটকের সময় আলমগীর চৌধুরী সায়মা প্লাজায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বসে কথা বলছিলেন। পরে রাত সোয়া ৯টার দিকে চকরিয়া থানার একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আলমগীর চৌধুরীর শ্যালক ও ব্যবসায়ী মোহাম্মদ সোহেল বলেন, শনিবার রাতে তার ঢাকায় যাওয়ার কথা ছিল। গাড়িতে ওঠার আগে তিনি সায়মা প্লাজায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। রাত সোয়া ৯টার দিকে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, উচ্চ আদালত থেকে জামিন পেলেও নিম্ন আদালতে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে জামিনের বিষয়টি আলমগীর চৌধুরী নিশ্চিত করতে পারেননি। এ ছাড়া নিজপানখালী এলাকার এক বাসিন্দার করা বিশেষ ক্ষমতা আইনের মামলাতেও তিনি আসামি রয়েছেন।
তিনি আরও বলেন, আলমগীর চৌধুরীকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/জেআ