বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও র্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে বগুড়ায় সংক্ষিপ্ত সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৭ অক্টোবর) দুপুর ১২টায় বগুড়া শহরের মোহাম্মদ আলী হাসপাতাল খেলার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা বলেন, "বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো আন্দোলনকে ভয় পায় না। বর্তমান সরকার কোনো কমিশনের দরজা দিয়ে নয়, বরং জনগণের সরাসরি ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে।" তিনি অভিযোগ করে আরও বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি এবং ফ্যাসিস্টরা নিষিদ্ধ দলগুলোর সাথে হাত মিলিয়ে দেশের গণতন্ত্র ও উন্নয়নের বিরুদ্ধে চক্রান্ত করছে। নিষিদ্ধ ঘোষিত দলের সাথে মিলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জাতীয়তাবাদী যুবদল তা রাজপথে প্রতিহত করবে বলে তিনি জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, "আজকে যারা আন্দোলন করে সরকারকে অস্থির করতে চায়, তাদের উদ্দেশ্যে বলতে চাই—আমরা জনগণের ভোটে নির্বাচিত তারেক রহমানের সরকার। এই সরকারকে উৎখাত করতে রাজপথে কেন, মঙ্গলগ্রহে আন্দোলন করলেও জাতীয়তাবাদী যুবদল তাদের প্রতিহত করবে ইনশাআল্লাহ।"
অন্যান্য বক্তাদের মধ্যে বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন রাজপথের আন্দোলন ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ যুব সংগঠনে পরিণত হয়েছে।"
সমাবেশে সভাপতির বক্তব্যে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যেকোনো রাজনৈতিক চক্রান্ত মোকাবিলা এবং দেশের উন্নয়নে রাজপথে প্রধান শক্তি হিসেবে কাজ করতে সর্বদা প্রস্তুত রয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের আগামী দিনের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।" তিনি আরও জানান, বিগত বছরের ন্যায় ভবিষ্যতেও রাজপথে থেকে দলীয় কর্মকাণ্ড ও দেশের স্বার্থে যুবদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।
সমাবেশে বক্তব্য প্রদান শেষে প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এর আগে সংগঠনের অধীনস্থ ২৫টি ইউনিট, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে প্রবেশ করেন।
বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসানসহ বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/ এনউব