নওগাঁয় মুক্তিযোদ্ধার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে জবর দখল

নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঘোলকুড়ি গ্রামে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল ৫টার দিকে বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন মন্ডলের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে জবর দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিরাজ করছে চাপা উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধার ছেলে ড. আনোয়ার হোসেন রেজভী পেশাগত কাজ ও রাজশাহীর বাড়িতে অবস্থান কালে এই সুযোগ বুঝে প্রতিপক্ষ ইনদাদুল হক, ফয়েজ মন্ডল ও তার স্ত্রী রেখা মন্ডলসহ কয়েকজন বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে গ্রামের বাড়িটি ফাঁকা পেয়ে সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করেন । পরে বাঁশের বেড়া দিয়ে নতুন করে সীমানা তৈরি করে বিরোধ পূর্ণ জায়গাটি নিজেদের দখলে নেন বলে অভিযোগ করেন ড. আনোয়ার হোসেন রেজভী ও স্থানীয়দের । স্থানীয়দের অভিযোগ, ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রতিপক্ষ স্থানীয় কিছু সন্ত্রাসী প্রকৃতির লোকজনকে ব্যবহার করে জোর পূর্বক জায়গাটি দখলে নিয়েছে। এতে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তারা।
স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন ধরে জায়গাটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল । মুক্তিযোদ্ধা পরিবারের অনুপস্থিতির সুযোগে হঠাৎ করেই প্রাচীর ভেঙে জবরদখলের ঘটনায় এলাকাবাসী হতবাক হয়ে পড়েন । একজন মুক্তিযোদ্ধার সম্পত্তিতে এভাবে হামলা চালানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান প্রতিবেশী ও এলাকাবাসীর একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। এ বিষয়ে অভিযুক্ত ইনদাদুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
নিয়ামতপুর থানার ওসি মাহবুব রহমান জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে । তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । এলাকাবাসীর দাবি, একজন বীর মুক্তিযোদ্ধার সম্পত্তি রক্ষায় প্রশাসন যেন দ্রুত ও কঠোর পদক্ষেপ নেয়।
ভোরের আকাশ/এনউব