রায়পুরে কাফিলাতলী পশুর হাটের হাসিলের টাকায় ৩০ মসজিদে অনুদান

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী কাফিলাতলী বাজারের কোরবানির পশুর হাটের ২০২৫ সালের হাসিলের টাকা থেকে এলাকার ৩০টি মসজিদে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
শনিবার (২১ নভেম্বর) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
রায়পুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং ৭ নম্বর বামনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী ছালেহ আহমদের উদ্যোগে এ অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, নির্ধারিত বরাদ্দ অনুযায়ী বিভিন্ন মসজিদে অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি মসজিদে ৪ হাজার টাকা এবং জুমার মসজিদগুলোতে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
রায়পুরের পাশাপাশি লক্ষ্মীপুর সদর উপজেলার পার্শ্ববর্তী কয়েকটি এলাকার মসজিদও এ অনুদানের আওতায় রয়েছে।
অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছালেহ আহমেদ, বামনী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন সুপার, সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক চৌধুরী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন চুট্টু, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলতাফ হোসেন মুন্সী, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বাদল, ইউনিয়ন বিএনপি নেতা বেলাল হোসেন হাওলাদার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, মসজিদগুলো ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র।
এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আর্থিক সহযোগিতা প্রয়োজন। কাফিলাতলী বাজারের পশুর হাটের হাসিলের অর্থ থেকে মসজিদগুলোতে অনুদান দেওয়ার এ উদ্যোগ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহায়ক হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
ভোরের আকাশ/রই