জয়পুরহাটে ৩২.৬ মিলিমিটার বৃষ্টিপাত, ক্ষতির মুখে কৃষক

জয়পুরহাটে ফাল্গুনের শেষে হঠাৎ বৃষ্টিতে কিছুটা ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালের এই বৃষ্টিতে মাঠে থাকা শেষপর্যায়ের আলু, সরিষা, স্ট্রবেরি ও বিভিন্ন শাকসবজির ক্ষেতে জমেছে পানি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং ভাড়ি বৃষ্টিপাত শুরু হয়। এতে করে জেলায় ৩২ দশমিক ৬ মি:মি: বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিতে প্রায় ১১০ হেক্টর ফসলি জমিতে পানি জমেছে। এসব ফসলের মধ্যে রয়েছে আলু, সরিষা, স্ট্রবেরি ও শাকসবজি ।
মাঠপর্যায় সরেজমিন জানা গেছে, জেলার অনেক জমিতে এখন শেষ মুহূর্তের আলু তোলার কাজ চলছিল। একই সাথে সরিষা তোলার কাজও শেষ পর্যায়।
কৃষকরা জানান, মাঠের এই আলুর বেশির ভাগ হিমাগারে বীজ হিসেবে রাখার পরিকল্পনা ছিল। কিন্তু জমিতে পানি জমে যাওয়ায় এখন আলু তোলা বাধাগ্রস্ত হয়ে পড়েছে। এছাড়াও স্ট্রবেরি, সরিষা এবং শাকসবজির জমিতেও পানি জমে আছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম সাদিকুল ইসলাম বলেন, জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য কৃষকদের বলা হচ্ছে। জমি থেকে পানি দ্রুত নেমে গেলে ফসলের খুব বেশি ক্ষতি হবে না বলেও জানান এই কর্মকর্তা।
ভোরের আকাশ/আ.র