ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক অভিযান চালিয়ে দুই সার ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মানিককাজী ব্রিজসংলগ্ন পারবাজার এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় ক্ষুদ্র সার ও কীটনাশক ব্যবসায়ী আব্দুল কাদের সার বিক্রির পর ক্রেতাকে বিক্রয় মেমো না দেওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ এ জরিমানা করেন।
অন্যদিকে, একই দিন বিকেলে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নে বিএডিসি সার ডিলার আমজাদ হোসেনের গুদামে অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেকের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিক্রয় রেজিস্টারের তুলনায় গুদামে অতিরিক্ত ৮ বস্তা ডিএপি সার পাওয়া যায়।
এ ঘটনায় আমজাদ হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান দুটিতে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, সার বিক্রিতে অনিয়ম ও অবৈধভাবে সার মজুত ঠেকাতে নিয়মিতভাবে বাজার ও গুদামে নজরদারি করা হচ্ছে। কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সচেতন মহলের মতে, সার বিক্রিতে অনিয়ম ও অতিরিক্ত মজুতের ঘটনা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এতে ব্যবসায়ীদের মধ্যে অনিয়মের প্রবণতা কমবে এবং কৃষকেরা ন্যায্য দামে সার পাওয়ার সুযোগ পাবেন।
ভোরের আকাশ/জেআ