পাথরঘাটার বিনয় ভূষণ আর নেই

পাথরঘাটা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক, দৈনিক জনকণ্ঠ পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি ও বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী বিনয় ভূষণ (খোকন কর্মকার) আর নেই।
দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর আলী আজগর হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিনয় ভূষণ পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রয়াত লক্ষী কর্মকারের সন্তান। তিনি ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।
কর্মজীবনে সাংবাদিকতা ও ব্যবসা—উভয় ক্ষেত্রেই তিনি সততা, নিষ্ঠা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।
দীর্ঘ সময় ধরে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ ও প্রকাশের মাধ্যমে তিনি পাথরঘাটার গণমাধ্যম অঙ্গনে একজন শ্রদ্ধাভাজন ও নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন সফল ও সুনামধন্য স্বর্ণ ব্যবসায়ী হিসেবেও এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন। দীর্ঘদিন ধরে তিনি স্বর্ণকার সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।
তার মৃত্যুতে পাথরঘাটার সাংবাদিকতা, ব্যবসা ও সামাজিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোক ও সম্মান প্রদর্শনস্বরূপ স্থানীয় স্বর্ণকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন। একই সঙ্গে সাংবাদিক মহল, ব্যবসায়ী সমাজ ও সর্বস্তরের মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ভোরের আকাশ/নি. ব