টিপুর ভাইয়ের বাড়িতে ডিবির অভিযান, উদ্ধার ১৫৪ রাউন্ড গুলি

খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রয়াত গোলাম রাব্বানী টিপুর ভাই গোলাম রসুলের বাড়ি থেকে ১৫৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বাড়ি থেকে ১২ ইঞ্চি লম্বা একটি ধারালো ছুরিও উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে দৌলতপুর থানার উত্তর দেয়ানা এলাকায় গোলাম রসুলের বাড়িতে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, গোলাম রসুল খালিশপুর বঙ্গবাসী বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তাঁর কাছে অবৈধ অস্ত্র ও গুলি রয়েছে। এর পরিপ্রেক্ষিতে রাতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়।
সূত্রটি আরও জানায়, অভিযানের সময় পুলিশ তাঁকে আলমারি খুলতে বললে প্রথমে তিনি রাজি হননি। পরে আলমারি খুললে সেখান থেকে ১৪১ রাউন্ড পয়েন্ট টু টু বোরের গুলি ও ১৩ রাউন্ড শর্টগানের সিসার গুলি উদ্ধার করা হয়।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, লাইসেন্সবহির্ভূত ১৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁর বাড়ি থেকে ১২ ইঞ্চি লম্বা একটি ধারালো ছুরিও উদ্ধার করা হয়। এ ঘটনায় গোলাম রসুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভোরের আকাশ/জেআ