বগুড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চার ঘণ্টার কর্মবিরতি পালন
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় একদফা দাবির অংশ হিসেবে বগুড়ায় চার ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা চার ঘণ্টা জেলার সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, টিবি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপ-স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কল্যাণ কেন্দ্রে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মবিরতির সময় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে জেলাজুড়ে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সমবেত হয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সরকারের প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, “একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা প্রকৌশলী ও ডিপ্লোমা কৃষিবিদগণ চাকরিতে যোগদানের ক্ষেত্রে ১০ম গ্রেড কর্মকর্তা পদ মর্যাদা পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১১তম গ্রেডে চাকরি শুরু ও শেষ করতে হয়। এটি দীর্ঘদিনের বৈষম্য।”
চার ঘণ্টার কর্মবিরতিতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের প্যাথলজি বিভাগ, এক্স-রে ও ইমেজিং, সিটি স্ক্যান, এমআরআই, ব্লাড ব্যাংক, ফিজিওথেরাপি, দন্ত বিভাগসহ বহিঃবিভাগে ওষুধ বিতরণের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকে।
নেতৃবৃন্দ আরও জানান, চাকরিতে যোগদানের ক্ষেত্রে ১০ম গ্রেড কর্মকর্তা পদ মর্যাদা না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
তারা সতর্ক করে বলেন, দাবি আদায় না হলে আগামীকাল ৪ ডিসেম্বর ২০২৫ সারা দেশের সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পূর্ণদিবস ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে।
ভোরের আকাশ/এসএইচ