দেশের প্রতিটি মানুষের মাথাপিছু ঋণের বোঝা ১৫০ কোটি টাকা: বিদ্যুৎ মন্ত্রী টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আজ আমি হিসেব করছিলাম। হাসিনা একজনের মাথাপিছু কত ঋন করে গেছেন। হিসেব করে দেখি হাসিনার সরকার দেশের মাথাপিছু ১৫০ কোটি টাকা ঋণ রেখে গেছে। এখন দেশের প্রতিটি মানুষের মাথার উপর ১৫০ কোটি টাকা ঋনের বোঝা। এটি হলো ২০ কোটি মানুষের হিসাব। আর দেশে যদি ১৮ কোটি মানুষ হয়, তাহলের ঋণের পরিমান আরো বেশি হবে। আমরা ঋণের বোঝা নিয়ে সরকারের দায়িত্ব নিয়েছি। এছাড়া বিদ্যুতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া করে গেছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন করার লক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় একথা বলেন তিনি।
বিদ্যুৎ মন্ত্রী আরো বলেন, আমরা ক্ষমতায় এসেছি তিন মাস হলো। এখনও হিসাব-নিকাশ নিতে পারিনি। আজকে হিসাব করছিলাম শেখ হাসিনা দেশের মানুষের উপর কত টাকা ঋনের বোঝা রেখে গেছেন। হিসেব করে দেখলাম প্রতিটি মানুষের মাথার উপর ১৫০ কোটি টাকা ঋনের বোঝা। ঋণের বোঝা ৩০ লাখ কোটি টাকা।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিদ্যুতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া করে গেছে। তোমরা অস্থির হয়ে যাও কি হইলো, কি হইলো, কি পাইলাম। আমরা খাইটা মরছি কিভাবে একটা লাইনে আসবো আর তোমরা কি হইলো, কি পাইলাম। কি পাইলাম এজন্য আমরা ক্ষমতায় আসি নাই। আমরা সরকারের দায়িত্ব নেই নাই। আমরা দায়িত্ব নিয়েছি, আওয়ামীলীগের কাছ থেকে মুক্তি পেয়ে দেশের মানুষকে নতুন কিছু দেখানোর জন্য। এখন যদি আমরাও আওয়ামীলীগের মতো খাই খাই, ঘাই ঘাই করি, আবার যদি আওয়ামীলীগের মতো ৩০ লাখ কোটি টাকা ঋন করে যায় তাহলে আর দেশ থাকবে না। দেশ থাকবে, দেশ চলবে না। সুতরাং পাঁচ বছর হাতে সময় আছে। দলটাকে সুসংগঠিত করো। মজবুত করো। মানুষের কাছে যাও।
ভোরের আকাশ/এসএইচ