কুষ্টিয়ায় বাসের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, আহত এক বৃদ্ধা

কুষ্টিয়ায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বৃদ্ধা। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টার দিকে বাস টার্মিনালে–এর সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, এক বৃদ্ধ ও এক বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয়্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। আহত বৃদ্ধা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি কথা বলার মতো অবস্থায় নেই।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুববর বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/এনউব