হবিগঞ্জে গ্রাম্য গানের আসরের অনুমোদন না দিতে হুইপ জি কে গউছের নির্দেশ

হবিগঞ্জে গ্রাম্য গানের কোনো আসরের অনুমোদন না দিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিএনপি-দলীয় হুইপ জি কে গউছ।
রোববার (৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির এই সাংগঠনিক সম্পাদক এমন নির্দেশ দেন। সম্প্রতি সুনামগঞ্জে বাউল সম্রাট শাহ আবদুল করিম ও কবি রাধারমন দত্তের এলাকায় গানের আসরে আপত্তি নিয়ে সমালোচনার মধ্যে হুইপের পক্ষ থেকে এই নির্দেশ এল।
আইনশৃঙ্খলা কমিটির সভায় গানবাজনা প্রসঙ্গে জি কে গউছ বলেন, 'গ্রাম্য গানবাজনা আমাদের এই এলাকার লোকজন পছন্দ করেন না। এইগুলা একদম টোটালি, আমি অনুরোধ করব, পুরো জেলায় হলে ভালো, অন্তত যে এলাকার মানুষ—সোয়া ৪ লাখ ভোটার আমারে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এইখানে যেন গ্রাম্য গানের আয়োজন, এটা-সেটা আমরা যেন না শুনি।
কোনো জায়গায় মারামারি হইছে, খুন-খারাবি হইছে—এসব যেন না শুনি। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে।'
সামনে শীত মৌসুমের ধর্মীয় আবহ তুলে ধরে তিনি বলেন, 'আমাদের এলাকায় ধর্মকর্ম হয়। শীত মৌসুমে ওয়াজ মাহফিল বেশি বেশি হয়। কোনো কারণে এগুলোকে কেন্দ্র করে যেন উত্তেজনার সৃষ্টি না হয়। এসব নিয়ে ধর্মীয় কোনো অনৈক্য যাতে দেখা না দেয়, এসব অনুমোদন দেওয়ার ক্ষেত্রে যারা কর্তৃপক্ষ তারা অবশ্যই খেয়াল রাখবেন।'
বাণিজ্যমেলা ও শিল্পমেলার আড়ালে অশ্লীলতা ও জুয়ার আসর বসানো নিয়েও সতর্ক করেন হুইপ। তিনি বলেন, 'বাণিজ্যমেলা, শিল্পমেলা, বিভিন্ন মেলার আড়ালে অশ্লীলতা, জুয়ার আসর—এসব যেন না হয়। আমাদের এখানে ব্যবসা-বাণিজ্য ভালোই চলছে। দোকানে যারা আছেন, নতুন করে মাঠে নিয়ে দোকানের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অনেকেই আমাকে বলেন, পার্শ্ববর্তী জেলায় এসব হয়। আমি তাঁদের বলি, অন্য এলাকায় এসবের চাহিদা আছে। আমার এলাকার মানুষ এসব পছন্দ করে না।'
প্রশাসনকে সতর্ক করে জি কে গউছ বলেন, 'আমি আজ ফরমালি ডিসি সাহেবকে অনুরোধ করব, অন্তত আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি সে এলাকায় যেন এসব না শুনি। এমনিতেই নিষিদ্ধ সংগঠন, বট বাহিনী কত জাতের প্রবলেম আমাদের সামনে আছে, আর কোনো সমস্যা যেন আমরা ডেকে না আনি।'
উক্ত সভায় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ এবং পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব