রূপগঞ্জে পুলিশ পরিচয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি, ১৭ লক্ষাধিক টাকার মালামাল লুট

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় পুলিশের পরিচয়ে সৌদি প্রবাসীর প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৭ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার (২২ এপ্রিল) ভোরে। ভুক্তভোগী সৌদি প্রবাসী হিমু আক্তার স্বপরিবারে প্রাইভেটকারে করে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দি যাওয়ার পথে সাওঘাট এলাকায় ডাকাতদের কবলে পড়েন।
ভুক্তভোগী হিমু আক্তার জানান, পুলিশের পরিচয়ে পাঁচজনের একটি দল প্রথমে তাদের গাড়ির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তার সঙ্গে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, ৪ হাজার সৌদি রিয়াল, ৩টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা লুট করে নেয়।
ডাকাতদের হামলায় হিমু আক্তার ও তার ভাই মাহিন মিয়া আহত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতরা একটি সাদা রঙের মাইক্রোবাসে করে ঢাকার দিকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় হিমু আক্তার রূপগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেয় বলে অভিযোগ করেন তিনি। পরে মামলা করতে না পেরে তিনি নিজ গ্রামের বাড়িতে চলে যান।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন কথা বলতে অনীহা প্রকাশ করেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।”
উল্লেখ্য, চলতি এপ্রিল মাসে রূপগঞ্জে এ নিয়ে অন্তত পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
ভোরের আকাশ/ র.ই