গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভ চলাকালে একটি মোটর সাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২০ জনকে আটক করেছে পুলিশ।
২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে হত্যা ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রতিবাদে মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল এলাকায় বিক্ষোভ করে তারা।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ মিছিল ও আটক করার তথ্য জানিয়েছেন।
আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কাশিয়ানী উপজেলার তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এবং রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হকের মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা সেখান থেকে সটকে পড়ে। সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২০ জনকে আটক করে পুলিশ। এছাড়া ৪টি মাইক্রোবাস, ১টি বাস ও ২টি ইজিবাইক জব্দ করা হয়।
এছাড়াও জেলা শহরের বেদগ্রাম এলাকায় মিছিল করার জন্য ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ ধাওয়া দিলে তারা সেখান থেকে পালিয়ে যায়।
রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, ‘‘আমরা গোপালগঞ্জ থেকে রাতইল আসতেছিলাম। এ সময় রাতইল এলাকায় পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে ধাওয়া করে। পরে আমার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।’’
কাশিয়ানীর রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্নান খাকি বলেন, ‘‘আমি আমার সাধারণ সম্পাদককে নিয়ে রাতইল আসতেছিলাম। রাতইলের ঢাকা-খুলনা মহাসড়কে পৌঁছালে দেখি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করছে। তারা আমার সাধারণ সম্পাদক এমদাদুল হকের মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।’’
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা জড়িত নয়, তাদের ছেড়ে দেওয়া হবে ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/এনউব