ভোলার চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিন থানায় দায়ের করা একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৮ জুন) র্যাব-৮, র্যাব-২ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বোরহানউদ্দিন উপজেলার ছোটপাতা এলাকার বাসিন্দা মো. তানজিল (২৪) ও মো. বেলাল হোসেন (২১)। তারা উভয়েই ফয়জুল্লাহর ছেলে।
র্যাব-৮, বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে গত ২৯ মে বিকেল সাড়ে ৫টার দিকে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে ভিকটিমের ওপর হামলা চালায়। রাজমিস্ত্রির কাজের টাকার হিসাব দেওয়ার কথা বলে তাকে বোরহানউদ্দিন উপজেলার ৩ নম্বর দেউলা ইউনিয়নের করিমউদ্দিনের বাড়ির পুকুরঘাটে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে পুকুরে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
ভিকটিমের চিৎকার শুনে তার বাবা ও স্থানীয় লোকজন উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় এবং বারবার অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়।
যৌথ অভিযানে তানজিলকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে এবং বেলাল হোসেনকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
ভোরের আকাশ/এম