মাগুরায় ১৬ জন পেলেন ১ লাখ ২৫ হাজার টাকার অনুদান

মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের ঐচ্ছিক তহবিল থেকে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার ১৬ জন উপকারভোগীর মাঝে ১ লাখ ২৫ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক-১; মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল; মাগুরা জেলা কৃষক দলের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুবাইয়াত হোসেন খান; মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুর রহিমসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
অনুষ্ঠানে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন উপকারভোগীর মাঝে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে এ অনুদান বিতরণ করা হয়। অনুদানের অর্থ উপকারভোগীদের ব্যক্তিগত প্রয়োজন মেটানো এবং আর্থিক সংকট মোকাবিলায় সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অনুদানপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব