দক্ষতা বিকাশে বিতর্ক চর্চার গুরুত্ব অপরিসীম: উপাচার্য

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস ক্লাব এবং বিকাল ৩:০০ টায় আইএসএলএম বিভাগের ইনফরমেটিকা ক্লাবের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিজনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। এসময়ে তিনি বলেন, বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণ দক্ষতা ও মতপ্রকাশের সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিতর্ক কেবল যুক্তি উপস্থাপন কিংবা প্রতিপক্ষকে পরাজিত করার প্রতিযোগিতা নয়; বিতর্ক হলো সত্য অনুসন্ধান, যুক্তিবোধের বিকাশ, ভিন্নমতকে সম্মান করা এবং নিজের চিন্তাকে সুস্পষ্টভাবে প্রকাশ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব গঠন, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে বিতর্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, ভিন্নমতকে শ্রদ্ধা করা এবং যুক্তির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ সৃষ্টি করে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিতর্ক ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে জ্ঞান, চিন্তা ও নেতৃত্বের দক্ষতা বিকাশের আহ্বান জানান। পরে বিকেলে বির্তক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান। তাঁরা শিক্ষার্থীদের পাঠ্যविषয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাফিজুর রহমান। অপরদিকে বিকেল ৩:০০টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান। বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) ফারজানা শারমিন আনিকার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিভাগের শিক্ষক আহসান উল্লাহ, মোঃ নাজিম, অ্যাডজাঙ্ক ফ্যাকল্টি রুমানা ইয়াসমিন কুইন উপস্থিত ছিলেন।
'শিক্ষাক্ষেত্রে ইলেকট্রনিক রিসোর্স এর চেয়ে প্রিন্টেড রিসোর্সের কার্যকারিতা বেশি' বিষয়ের উপর আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে এবং বিপক্ষে যুক্ত উপস্থাপন ও যুক্তি খণ্ডন, বিভিন্ন সূত্র ও তথ্য উপস্থান, উপমা, উৎপেক্ষা ব্যবহারের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিজয়ী দল হিসেবে বিষয়ের বিপক্ষ দল জয়লাভ করেন। সেরা বক্তা হন তাজকিয়া খাতুন।
ভোরের আকাশ/ এনউব