নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে রিকশাচালকের লাশ উদ্ধার
বরগুনার পাথরঘাটায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে রিয়াজ (৩৫) নামে এক ব্যাটারি চালিত রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিয়াজ সদর ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মতি হাওলাদারের ছেলে।
পরিবার জানায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বড় ভাইয়ের নতুন রিকশা নিয়ে বের হন রিয়াজ। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ৯টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সঙ্গে সারারাত খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ মেলেনি।
পরদিন সকালে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর কয়েক ঘণ্টা পর শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের কাজিরহাট এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে, রায়হানপুর ইউনিয়নের পিপুলিয়া হোগলপাতি গ্রাম থেকে রিয়াজের চালানো ব্যাটারিচালিত রিকশাটি ব্যাটারি ছাড়া পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এতে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন—"মাত্র কয়েকটি ব্যাটারির জন্য কি একটি প্রাণ যেতে হলো?"
পাথরঘাটা থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তদন্তের স্বার্থে এখনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।
এলাকাবাসী জানান, সৎ-সরল রিয়াজ প্রতিদিনের মতো জীবিকার উদ্দেশ্যে বের হয়েছিলেন। এমন নির্মম পরিণতি পুরো এলাকাকে শোকস্তব্ধ করেছে। তারা দ্রুত ঘটনাটি উদঘাটন করে দায়ীদের কঠোর শাস্তি দাবি করেছেন।
ভোরের আকাশ/জাআ