নিষ্ফল বৈঠক, স্কপের চট্টগ্রাম বন্দর অবরোধ কর্মসূচি বহাল

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বৈঠকে সমঝোতা না হওয়ায় বুধবারের বন্দর অবরোধ কর্মসূচি বহাল রেখেছে সংগঠনটি। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নেতাদের বৈঠকের পরও সমাধান মিলেনি।
তাই পূর্বঘোষিত বুধবারের (২৬ নভেম্বর) বন্দর অবরোধ কর্মসূচির সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মাইলের মাথা (সীমেন্স হোস্টেল), টোল রোডের টোলপ্লাজা গেট এবং বড় পোল এলাকা এ কর্মসূচি পালন করা হবে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বন্দর ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্কপ নেতা ও চট্টগ্রাম জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, এসকে খোদা তোতন প্রমুখ উপস্থিত ছিলেন।
কিন্তু বৈঠকে সমাধান আসেনি। ফলে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জানিয়েছে স্কপ। এছাড়া সর্বস্তরের শ্রমিক ও সাধারণ মানুষকে অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্কপ নেতারা।
স্কপ নেতারা জানান, বন্দরের চেয়ারম্যান ছুটিতে আছেন। তাই নভেম্বরে কোনো ধরনের চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন তফশিল ঘোষণা হলেও বর্তমান সরকারের পক্ষে এমন চুক্তি করার সুযোগও আর থাকবে না। তাই তড়িঘড়ি করে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি এগিয়ে নেওয়ার কোনো পরিস্থিতিও নেই।
লালদিয়ার চর ও পানগাঁও ইজারা দেওয়ার দিন বিডার প্রধান নির্বাহী আশিক চৌধুরী আগামী সাত দিনের মধ্যে এনসিটির চুক্তি হবে বলে যে মন্তব্য করেছিলেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ও শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) চট্টগ্রামের আহ্বায়ক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, ‘আমাদের বৈঠকে ডাকায় আমরা গিয়েছি। কিন্তু আমাদের দাবির প্রেক্ষিতে সুস্পষ্ট কোনো জবাব পায়নি। তাই আমরা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আগ্রাবাদ, বড়পোল ও মাইলের মাথা এলাকায় বন্দরমুখী সড়ক অবরোধ করা হবে।’
এদিকে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বন্দর রক্ষায় গণসমাবেশ-বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে মশাল মিছিল ও গণসমাবেশ করেছে ‘বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলন, চট্টগ্রাম’। মিছিলে শেষে নগরের আমতল মোড়ে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন শ্রমিক নেতা ফজলুল কবির মিন্টু, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি টিকলু কুমার দে, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সহ-সভাপতি রুপম কান্তি ধর, সাংস্কৃতিক সংগঠক শিমুল সেন ও শ্রমিক নেতা আবু বকর সিদ্দিকী।
সমাবেশে বন্দর রক্ষায় শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ডাকা অবরোধ কর্মসূচিতে পূর্ণ সমর্থন ঘোষণা করেন বক্তারা।
ভোরের আকাশ/মো.আ.