সাংবাদিক তুহিনের ময়নাতদন্ত : গলা, বুক ও পিঠে ৯টি আঘাতের চিহ্ন

গাজীপুরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীদের হাতে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ময়নাতদন্ত প্রতিবেদন জমা দিয়েছে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ।
প্রতিবেদনে ধারালো অস্ত্রের আঘাতে নিহত তুহিনের দেহে ৯টি গুরুতর আঘাত থাকার তথ্য উঠে এসেছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক এএনএম আল মামুন জানান, তুহিনের গলা, ঘাড়, বুক, পিঠ ও হাতে ধারালো অস্ত্রের কোপে সৃষ্ট গুরুতর ৯টি গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতগুলো আকারে ছোট-বড় হলেও প্রতিটিই সমান গুরুতর এবং গভীর ছিল।
খুন হওয়া আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৮টায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ভিডিও করার সময় চন্দনা চৌরাস্তা এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় সিসিটিভির ফুটেজ থেকে শনাক্ত করে এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর ১৫ দিনের মধ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান।
ভোরের আকাশ/মো.আ.