ঢাকায় নেওয়ার পথে ডেঙ্গুতে ৩ বছরের শিশুর মৃত্যু, বরগুনায় বাড়ছে মৃত্যুর মিছিল

বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ রবিবার (১৫ জুন) রাতে ঢাকায় নেওয়ার পথে মারা যায় তিন বছরের শিশু সাফওয়ান আবদুল্লাহ। এ নিয়ে জেলায় ডেঙ্গুজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।
সাফওয়ান বরগুনা নার্সিং ইনস্টিটিউটের প্রশিক্ষিকা সাজিয়া আফরিন ও উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সন্তান। তাদের বাড়ি সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা মল্লিকবাড়ি এলাকায়।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাসকিয়া সিদ্দিকা জানান, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সাফওয়ানের অবস্থা দ্রুত অবনতি ঘটে। তার বুকে ও পেটে পানি জমে যাওয়ায় শারীরিক জটিলতা বাড়ে।
প্রথমে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে।
ডা. তাসকিয়া সিদ্দিকা বলেন, “শিশুটিকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ করেই তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। চিকিৎসক ডা. মেহেদী হাসান রাতেই বরিশালে পাঠানোর সিদ্ধান্ত নেন। আজ সকালে তাকে ঢাকায় নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে।”
বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি মৃত্যুর হারও উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।
ভোরের আকাশ//হ.র