কক্সবাজারে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

কক্সবাজারের টেকনাফে জামায়াত প্রার্থী নুর আহমদ আনোয়ারীর অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত জামায়াত নেতা মো. আলম জানান, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে নেতাকর্মীরা আলোচনা শেষে কার্যালয় ত্যাগ করেন। পরদিন সকালে স্থানীয়রা কার্যালয়ে আগুন লাগানো হয়েছে বলে খবর দিলে বিষয়টি জানতে পারেন তারা। তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করা হয়।
ঘটনার পর টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান চৌধুরী, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর শাহাদাত হোসেন শুভ, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামসহ নৌবাহিনী, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদু রহিম নুরী বলেন, এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সেখানে স্থানীয় সন্ত্রাসী চক্র সক্রিয় রয়েছে। তিনি প্রশাসনের কাছে নজরদারি জোরদারের দাবি জানান।
অগ্নিসংযোগের ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন অতিরিক্ত সতর্কতা গ্রহণ করেছে বলে জানা গেছে।
ভোরের আকাশ/ র.ই