বাউফলে খালে মিলল হাত বাঁধা যুবকের মরদেহ

পটুয়াখালীর বাউফল পৌর শহরের বাংলাবাজার এলাকায় একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বাংলাবাজার জামে মসজিদসংলগ্ন খালের ঘাটে মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা ছিল। তাঁর সঙ্গে ইট বাঁধা একটি বস্তাও পাওয়া যায়। যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করা হচ্ছে। তাঁর পরনে ছিল লুঙ্গি ও খয়েরি রঙের স্যান্ডো গেঞ্জি।
স্থানীয়রা জানান, মরদেহটি পচে যাওয়ায় আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ঘাটে অজু করতে এসে কয়েকজন মুসল্লি খালে কোনো মরদেহ দেখতে পাননি। পরে দুপুরের দিকে স্থানীয় লোকজন ঘাটের পাশে মরদেহটি দেখতে পান। তাঁদের ধারণা, খালের স্রোতে ভেসে এসে মরদেহটি সেখানে আটকে থাকতে পারে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত ছাড়া এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”
অন্যদিকে, এসআই মফিজুল ইসলাম বলেন, “নৌপুলিশ আসার পর আমরা তাদের সহযোগী হিসেবে কাজ করব। সাংবাদিক ভাইয়েরা সংবাদটি বেশি বেশি প্রচার করলে মরদেহের পরিচয় শনাক্ত করতে সহায়তা হতে পারে।”
প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যুবকের পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
ভোরের আকাশ/ এনউব