সিদ্ধিরগঞ্জে ভেজাল তেলের গোডাউনে অগ্নিকাণ্ড, পলাতক মালিক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভেজাল জ্বালানি তেল তৈরির অভিযোগ থাকা একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোদনাইলের এসও রোডে উদয় স্মৃতি ঈদগাহসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের আবাসিক এলাকা ও ঈদগাহ মাঠ বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আল-আমিন নামের এক ব্যবসায়ীর মালিকানাধীন ওই গোডাউনে অকটেন, ডিজেল ও পোড়া মবিল মজুত রাখা হতো। পাশাপাশি সেখানে বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল জ্বালানি তেল তৈরির অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে এ ধরনের তেল ‘পল্টি মারা তেল’ নামে পরিচিত।
মঙ্গলবার বিকেলে গোডাউনের একটি ভ্যানগাড়িতে ভেজাল তেল তৈরির কাজ চলাকালে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। তবে কীভাবে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। রাসায়নিক বিক্রিয়া কিংবা অসাবধানতাবশত বিড়ি-সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
আগুন লাগার পর গোডাউন থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের শিখা ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বিশেষ করে আবাসিক এলাকা ও ঈদগাহ মাঠের কাছাকাছি হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মীরন মিয়া জানান, বিকেল ৪টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকা ও ঈদগাহ মাঠে ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে, অগ্নিকাণ্ডের পর থেকে গোডাউনের মালিক আল-আমিনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আবাসিক এলাকা ও ঈদগাহের মতো জনবহুল স্থানের পাশে বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করে অবৈধভাবে ভেজাল জ্বালানি তেল তৈরির অভিযোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, এ ধরনের কার্যক্রম জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
এলাকাবাসী গোডাউনের কার্যক্রম তদন্ত করে দেখার পাশাপাশি মালিক আল-আমিনকে খুঁজে বের করে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে গোডাউনে ভেজাল তেল তৈরির অভিযোগ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
ভোরের আকাশ/জেআ