সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো: মো. শাহাবুদ্দিন হাওলাদার (৪০) ও মো. নূরুল আমিন (৩২)।
সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৪টার সময় সিদ্ধিরগঞ্জের মাদানী নগর চৌরাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে এদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নং ওয়ার্ডের মাদানীনগর চৌরাস্তার মোড় পাকা রাস্তার কাছে গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ১টি ধারালো চাপাতি ও ১টি ধারালো সুইচ গিয়ারসহ মো. শাহাবুদ্দিন হাওলাদার ও মো. নূরুল আমিন কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিন হাওলাদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার হরিনপালা গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে ও মো. নূরুল আমিন ঢাকা জেলার ডেমরা থানার বাহির টেংরা গ্রামের বাবুল ভান্ডারীর ছেলে। উভয় বর্তমানে ঢাকার ডেমরা থানা এলাকায় বসবাসকারী।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এদের বিরুদ্ধে নিয়মিত ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক বিক্রেতা, মাদকসেবী, ডাকাত, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই