ফতুল্লায় সন্ত্রাসীদের হামলায় আহত যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত সাব্বির (৩০) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (৬ মার্চ) দিবাগত মধ্যরাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাব্বির ফতুল্লা মডেল থানার পিঠালিপুল পূর্ব মামাপাড়া এলাকার বাসিন্দা এবং নিহত ইস্রাফিলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বিরের বাবা ইস্রাফিলকেও পূর্বে সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১২ ফেব্রুয়ারি সাব্বিরের সঙ্গে সোহাগ গ্রুপের সদস্যদের মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষ হয়। ওই সময় সোহাগ গ্রুপের হামলায় সাব্বির গুরুতর আহত হন এবং হাসপাতালে চিকিৎসা নেন। পরে তিনি কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন। এ ঘটনায় সাব্বিরের ভাই তানভীর আহম্মেদ বাদী হয়ে সোহাগ, খোকন, রাব্বিসহ সাতজনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এরই জেরে গত বুধবার (৪ মার্চ) রাত প্রায় ৩টার দিকে সেহরি খাওয়ার জন্য সাব্বির শিবু মার্কেট এলাকায় গেলে সোহাগ গ্রুপের সদস্যরা তার ওপর আবারও হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্বজনরা তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ মার্চ) রাতে তিনি মারা যান।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, “মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে সাব্বিরকে কুপিয়ে আহত করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ভোরের আকাশ/ র.ই