সারিয়াকান্দিতে দুই প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিয়ে অনিয়মের অভিযোগে বগুড়ার সারিয়াকান্দিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কুতুবপুরের রুপা বেকারি এবং সারিয়াকান্দির গোল্ডেন ফুড এন্ড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে রুপা বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, নিম্নমানের উপাদান ব্যবহার, বিএসটিআইয়ের মানসনদ না থাকা সত্ত্বেও তা ব্যবহারের অভিযোগ এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অনিয়ম পাওয়া যায়। এসব কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, গোল্ডেন ফুড এন্ড রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য আইনে নিষিদ্ধ উপাদান ব্যবহারের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে খাবারে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার এবং নিষিদ্ধ রেড বুল বিক্রি ও সরবরাহের বিষয়টি উঠে আসে। জব্দ করা নিষিদ্ধ পণ্যগুলো পরে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।
বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ, মানহীন উপাদান, পোড়া তেলে খাবার তৈরি এবং বিএসটিআইয়ের মানসনদের ভুয়া স্টিকার ব্যবহারের মতো অসংগতি পাওয়া গেছে। এসব বিষয়ে বেকারি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। নির্ধারিত শর্ত পূরণের জন্য সময় দেওয়া হবে। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হলে কারখানা বন্ধের ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, রুপা বেকারিতে অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং পণ্যের লেবেলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে, নিষিদ্ধ কেওড়া জল খাবারে ব্যবহার এবং নিষিদ্ধ রেড বুল বিক্রি ও সরবরাহের দায়ে গোল্ডেন ফুড এন্ড রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ এনউব