রংপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

রংপুর সিটি কর্পোরেশন নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিক লিয়াকত আলী বাদলের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে রবিবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সাংবাদিকরা সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে বিক্ষোভ করে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
একইসঙ্গে হামলার নির্দেশদাতা হিসেবে অভিযোগ ওঠা সদ্য বদলি হওয়া প্রশাসক ও রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উম্মে ফাতিমার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা।
ভুক্তভোগী সাংবাদিক বাদল অভিযোগ করে বলেন, “জুলাইযোদ্ধা ও জুলাই রাজবন্দীদের নামে সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা যোগসাজশে প্রায় ৫ কোটি টাকার বাণিজ্য করার চেষ্টা করছিলেন। এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় রবিবার দুপুরে তাদের নির্দেশে কয়েকজন যুবক আমাকে সিটি কর্পোরেশন কার্যালয়ে ডেকে নিয়ে মারধর করে। পরে আমাকে ক্ষমা চাইতে সিইওর কার্যালয়ে নেয়ার চেষ্টা করা হয়।”
ঘটনার খবর ছড়িয়ে পড়লে অন্য সাংবাদিকরা সেখানে ছুটে যান এবং বাদলকে উদ্ধার করে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, “আমরা বিষয়টি অবগত হয়েছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে একজনের নাম পাওয়া গেছে।”
অভিযোগ অস্বীকার করে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কেউ তা প্রমাণ করতে পারবে না।”
ভোরের আকাশ // হ.র