পদ্মার ১৯ কেজির কাতল ৫৩ হাজারে বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের একটি বড় কাতল মাছ। মাছটি নিলামে ৫৩ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১২ নভেম্বর) ভোরে পদ্মা নদীর চরকর্নেশনা এলাকার চর মজলিসপুর এলাকা থেকে জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা যায়, অন্যান্য দিনের মতো জেলে কৃষ্ণ হালদার তার সঙ্গীদের নিয়ে সকালে পদ্মা নদীর কলাবাগান এলাকায় উজানের ভাটিতে জাল ফেলেন। সে সময় তাদের জালে বড় একটি কাতল মাছ ধরা পড়ে। পরে জেলে কৃষ্ণ হালদার মাছটি বিক্রির জন্য সকালে দৌলতদিয়া বাজারে নিয়ে আসেন তখন নিলামে ২৮০০ টাকা দরে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান।

তিনি বলেন, ১৯ কেজি ওজনের কাতল মাছটি উন্মুক্ত নিলামে ৫৩ হাজার টাকা দিয়ে কিনেছি। মাছটি বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মুঠোফোনে যোগাযোগ করা হচ্ছে। কেজি প্রতি প্রতি অল্প কিছু টাকা লাভ হলে মাছটি বিক্রি করে দেব।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, পদ্মা নদীর পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এতে জেলেরা ভালো দাম পাচ্ছেন ও লাভবান হচ্ছেন।
ভোরের আকাশ/এসএইচ