জামালপুরে পৃথক দুই মামলায় চার আসামির সশ্রম কারাদণ্ড

জামালপুরে পৃথক দুটি ফৌজদারি মামলায় চারজন আসামিকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারিক কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হক।
আদালত সূত্রে জানা যায়, সি.আর মামলা নং-৮০(২)/২২ ও সিজেএম নং-৫৬৭/২২ মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মেলান্দহ উপজেলার শিহুরী গ্রামের মৃত হাতেম আলী শেখের ছেলে মো. রমজান আলীকে দণ্ডবিধির ৩২৪ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, জি.আর মামলা নং-২৫৬(২)/২০ ও সিজেএম নং-৮৭/২১ মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে একই উপজেলার রুহিলী গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে মো. চাঁন মিয়া ও মো. তরিকুল ইসলামকে দণ্ডবিধির ৩২৩ ধারায় এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
একই মামলায় একই এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে মো. এরশাদ আলীকে একই ধারায় আট মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে আইনজীবী মো. সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।
আসামিপক্ষে প্রথম মামলায় মো. আবুল হাশেম তরফদার এবং দ্বিতীয় মামলায় মো. আব্দুর রশিদ আদালতে উপস্থিত থেকে শুনানিতে অংশ নেন।
ভোরের আকাশ/এনউব