নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শাহিন
নওগাঁর নজিপুর পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক বায়েজীদ রায়হান শাহিন নির্বাচিত। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে এ.জেড মিজান ও মাসুম নির্বাচিত হয়েছেন।
রোববার (২০ জুলাই) সকাল থেকে উপজেলার নজিপুর পাবলিক মাঠে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেলে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক শেখ রেজাউল ইসলাম রেজু।
পৌর বিএনপির আহবায়ক ওয়াজেদ আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউল আজম ভিপি রানা, সদস্য মাসুদ হাসান তুহিন প্রমুখ।
জানা যায়, দীর্ঘ ১১ বছর পর পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হল আজ। সর্বশেষ ২০১৪ সালে নজিপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেছিল দলটি।
উল্লেখ্য, নওগাঁর ১১টি উপজেলা এবং ৩টি পৌরসভার মোট ১৪টি ইউনিট নিয়ে গঠিত নওগাঁ জেলা বিএনপি। নজিপুর পৌর বিএনপির কাউন্সিলের মধ্য দিয়ে ১৪টি ইউনিটের কাউন্সিল সম্পন্ন হল।
ভোরের আকাশ/এসএইচ