ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিরুদ্ধে চলমান "ষড়যন্ত্র" ও "মিথ্যা প্রচারণা"র প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
রোববার (১৩ জুলাই) বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে এসে শেষ হয়, যেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক দল। স্বাধীনতা-পরবর্তী সময় থেকে একটি বিশেষ মহল বিএনপি ও দেশের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র চালিয়ে আসছে। বর্তমানে এই ষড়যন্ত্র ও মিথ্যাচারের মাত্রা বেড়েছে বলেও অভিযোগ করেন তারা।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভবিষ্যতেও যদি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকে, তাহলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
এ সময় বক্তারা সম্প্রতি মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনারও সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন:
- ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি
- যুগ্ম আহ্বায়করা: আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন, শরীফ আহম্মেদ জায়েনুল আবেদিন
- পৌর বিএনপির যুগ্ম আহ্বায়করা: জুলফিকার আলি টিপু, হায়দার আলী, মেহেদী হাসান রুবেল
এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
ভোরের আকাশ//হ.র